ফিলিপাইনের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোরনের কাছে সমুদ্রে যাত্রীবাহী একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আগুন লাগার পর ৪২ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও ৮৭ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বুধবার সন্ধ্যায় পালাওয়ান প্রদেশের কোরন এলাকার সমুদ্রসীমায় উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দূরে এমভি জুন অ্যাস্টার নামের ফেরিটিতে আগুন ধরে যায়। ফেরিটি রাজধানী ম্যানিলার বন্দর থেকে কোরনের উদ্দেশে যাচ্ছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ফেরিটিতে মোট ১৩৪ জন ছিলেন। তাদের মধ্যে ১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রু সদস্য।
আগুন ছড়িয়ে পড়ার পর ফেরিটির বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফিলিপাইন কোস্ট গার্ডের প্রকাশ করা ভিডিওতে আগুনে পুড়তে থাকা ফেরিটির ভয়াবহ দৃশ্য দেখা গেছে। দেশটির কোস্ট গার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব জানিয়েছেন, ফেরিটিতে থাকা ১৩৪ জনের তালিকা যাচাই করে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য।
তবে এখনও ৮৭ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে সমুদ্রে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালিয়ে যাচ্ছে কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট উদ্ধারকারী দল। উদ্ধার হওয়া ব্যক্তিদের অনেকেই বর্তমানে কথা বলার অবস্থায় নেই। ফলে ফেরিটিতে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং আগুন লাগার সময় যাত্রীরা কোথায় ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। ফেরিটিতে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারের পাশাপাশি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানেও কাজ করছে কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন