ঢাকার মেট্রোরেলের চলন্ত ট্রেন ও স্টেশনগুলোতে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা নিশ্চিত করার দাবিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জনস্বার্থে এ আইনি ডিমান্ড নোটিশ পাঠান বিইউবিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. রাশিদুল ইসলাম রাশেদ। নোটিশটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়। নোটিশে দেশের প্রধান তিন মোবাইল অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও রবি আজিয়াটাকে মেট্রোরেল এলাকায় মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের অনুমতি দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা দেওয়ার দাবি জানানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, বর্তমানে প্রতিদিন প্রায় চার লাখ মানুষ মেট্রোরেলে যাতায়াত করছেন। কিন্তু চলন্ত ট্রেন ও বিভিন্ন স্টেশনে মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা অনুপস্থিত থাকায় যাত্রীরা জরুরি ফোনকল করতে পারছেন না। অনেক সময় কথোপকথনের মাঝপথে কল বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এতে নিয়মিত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন। আইনি নোটিশে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে লিখিতভাবে নোটিশদাতাকে অবহিত করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন