মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তাবিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত প্রশিক্ষণ শেষ করে সনদ অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় এ অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ শাখা থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে প্রশিক্ষণে অংশ নেওয়া যাবে। এজন্য শিক্ষকদের নিজ নিজ পিডিএস পরিচিতি ব্যবহার করে নিবন্ধন বা প্রবেশ করতে হবে। প্রশিক্ষণ কোর্সে মোট ছয়টি পাঠ রয়েছে। এর মধ্যে ষষ্ঠ পাঠে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। কার্যক্রম শেষ হওয়ার পর এর ছবি অথবা ভিডিও নির্ধারিত মাধ্যমে জমা দিতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা অনলাইন প্রশিক্ষণ প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে।
ছয়টি পাঠ এবং নির্ধারিত শ্রেণি কার্যক্রম সফলভাবে শেষ করার পর শিক্ষকরা অনলাইন থেকেই সনদ সংগ্রহ করতে পারবেন। সনদে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালকদের স্বাক্ষর থাকবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষককে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করতে হবে। সাইবার নিরাপত্তা সম্পর্কে শিক্ষকদের দক্ষতা বাড়ানো এবং শিক্ষার্থীদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন