চার্টার্ড বিমানকে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে আইনি জটিলতায় পড়েছেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। তার বিরুদ্ধে বিমান সংস্থার মানহানি ও ব্যবসায়িক ক্ষতিসাধনের অভিযোগে ৩ কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের বরাতে জানা গেছে, বিমান পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ডুন্স অ্যাভিয়েশন’ আহমেদাবাদের গান্ধীনগরের একটি আদালতে নোরা ফাতেহির বিরুদ্ধে মামলাটি করেছে। আগামী ২৫ সেপ্টেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।
ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় একটি সেসনা সাইটেশন সিজে-২ উড়োজাহাজে ওঠার মুহূর্তে নিজের মোবাইল ফোনে কয়েকটি ভিডিও ধারণ করেন নোরা। পরে প্রায় ৪ কোটি ৭০ লাখ অনুসারী থাকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওগুলো প্রকাশ করেন। সেখানে উড়োজাহাজটিকে খেলনা বা ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেন তিনি। নোরার ওই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন বলে দাবি করেছে বিমান পরিষেবা প্রতিষ্ঠানটি।
সংস্থাটির অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে নোরার মন্তব্যের কারণে তাদের বাণিজ্যিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবসায়িকভাবেও লোকসানের মুখে পড়তে হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, যে উড়োজাহাজ নিয়ে নোরা মন্তব্য করেছেন, সেটি তার শ্রেণির একটি মানসম্মত বিমান। এ ঘটনায় গত এপ্রিলেই গান্ধীনগরের আদালতে মামলা করা হয়।
এদিকে ‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো জনপ্রিয় গানের মাধ্যমে পরিচিতি পাওয়া নোরা ফাতেহি সম্প্রতি একটি কন্নড় গানের অশালীন কথার কারণেও সমালোচনার মুখে পড়েছিলেন। পরে তিনি দাবি করেন, ভাষাটি না বোঝার কারণেই ওই গানের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং বিষয়টি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন