ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ফেরার বিষয়ে কোনো ধরনের নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট কাউকে ঝুঁকির মধ্যে ফেলতে চান না তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেখ হাসিনা। রোববার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যারা সম্পৃক্ত হতে পারেন, তাদের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। এ কারণেই দেশে ফেরার জন্য কাউকে কোনো নির্দেশনা দিতে চান না বলে জানান তিনি।
সম্প্রতি ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা বলে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছিল। তবে সর্বশেষ বক্তব্যে দেশে ফেরার বিষয়ে নিজের অবস্থান নিয়ে ভিন্ন ইঙ্গিত দিয়েছেন শেখ হাসিনা। সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও কথা বলেন তিনি। শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্ব কার হাতে থাকবে—এমন প্রশ্নেরও জবাব দেন তিনি। এ সময় তার বোন শেখ রেহানার সরাসরি রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা নাকচ করে দেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়।’ দলের সাংগঠনিক নেতৃত্বের বিষয়ে শেখ হাসিনা জানান, তার অনুপস্থিতিতে শেখ ফজলুল করিম সেলিম সভাপতির দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।’
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন