ইরানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর জ্বালানি বহনকারী একটি ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। শনিবার হামেদান-সানান্দাজ মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায় এবং একপর্যায়ে বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ট্যাংকারটির কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সানান্দাজ শহরের গভর্নর জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্যাংকারে আগুন ছড়িয়ে পড়লেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে নিহত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতদের যে সংখ্যা প্রকাশ করা হয়েছে, তা প্রাথমিক তথ্যের ভিত্তিতে। উদ্ধার ও তদন্ত কার্যক্রম এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে।
ইরানে জ্বালানি বহনকারী ট্যাংকার ও যাত্রীবাহী বাসের ভয়াবহ দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। দেশটির পুরোনো যানবাহন, সড়ক অবকাঠামোর দুরবস্থা এবং ভারী যানবাহনের অতিরিক্ত চলাচলকে এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়। এর আগেও সানান্দাজের কাছে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। ২০১৮ সালে যাত্রী ওঠানোর জন্য থেমে থাকা একটি বাসকে একটি জ্বালানি ট্যাংকার ধাক্কা দিলে অন্তত ১৩ জন নিহত হন।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। সড়কের অব্যবস্থাপনা এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিকে ২০১৭ সালের মে মাসে তেহরানভিত্তিক সংবাদপত্র ফাইন্যান্সিয়াল ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এবং প্রায় আট লাখ মানুষ আহত হন। সাম্প্রতিক ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন