সংসদে একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের বিষয়ে বক্তব্য দেওয়ার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তাকে নিয়ে ১০৯টি ‘উদ্দেশ্যমূলক সংবাদ’ প্রকাশ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর কাছে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিদ্যমান প্রেস কাউন্সিল আইনে মূলত ছাপা সংবাদে প্রকাশিত অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ রয়েছে। কিন্তু কোনো সংবাদপত্রের অনলাইন সংস্করণে ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক কিংবা অপতথ্যপূর্ণ সংবাদ প্রকাশিত হলে একইভাবে প্রেস কাউন্সিলে অভিযোগ করার সুযোগ নেই। তিনি দাবি করেন, সংসদে একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের বিষয়ে বক্তব্য দেওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে তাকে নিয়ে ১০৯টি উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করা হয়েছিল। এসব সংবাদ অনলাইনে প্রকাশিত হওয়ায় তিনি সেগুলোর বিরুদ্ধে প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারেননি বলেও জানান।
অনলাইনে বিরোধীদলের সংসদ সদস্যদের লক্ষ্য করে অপতথ্য ছড়ানো হলে এর প্রতিকার কীভাবে পাওয়া যাবে, সে বিষয়েও প্রতিমন্ত্রীর কাছে জানতে চান তিনি। একই সঙ্গে অনলাইন সংবাদকে প্রেস কাউন্সিলের আওতায় আনতে বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে কি না, সেই প্রশ্নও তোলেন হাসনাত। জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, শুধু বিরোধীদলের সংসদ সদস্যরাই অনলাইনে আক্রমণের শিকার হচ্ছেন—বিষয়টি এমন নয়। নারী, সরকারি দলের সদস্য, প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যরাও অনলাইনে আক্রমণের শিকার হচ্ছেন।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ প্রেস কাউন্সিলকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন সংবাদকেও প্রেস কাউন্সিলের আওতায় আনার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এ ছাড়া অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য কার্যকরভাবে মোকাবিলার উপায় নিয়েও কাজ চলছে বলে জানান তিনি। এ বিষয়ে বিভিন্ন দেশের ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা চলছে বলেও সংসদে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন