মহাসড়কে চালক ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতির ঘোষণা দিয়েছে শ্রমিক ইউনিয়ন। বুধবার রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এ ঘোষণা দেন। শ্রমিক ইউনিয়নের এই সিদ্ধান্তের ফলে বৃহস্পতিবার সকাল থেকেই জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রাজধানী ঢাকাসহ দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় টার্মিনালে এসে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে বিকল্প যানবাহনে এবং অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
শ্রমিক নেতাদের অভিযোগ, বুধবার সকালে জামালপুরের নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি যাত্রীবাহী বাস আটকে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় বাস দুটিতে ব্যাপক ভাঙচুর করা হয়। পাশাপাশি চালক ও সহকারীদের মারধর করে আহত করা হয় বলে দাবি করেন তারা। শ্রমিকদের অভিযোগ, হামলার সময় বাসে থাকা ট্রিপের নগদ অর্থও ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনার পর চালক ও শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতেই জামালপুর-ঢাকা রুটে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পরিবহন শ্রমিক নেতারা।
জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, নান্দিনা বাজার এলাকায় দুটি বাসে ভাঙচুরের পাশাপাশি চালক ও সহকারীদের মারধর করা হয়েছে। বাস থেকে টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে। ঘটনার পর শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিক ইউনিয়নের নেতারা স্পষ্ট জানিয়েছেন, মহাসড়কে চালক ও শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে বাসে হামলা, ভাঙচুর এবং শ্রমিকদের মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন