রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদনের সঙ্গে পুলিশের নিজস্ব তথ্যের মিল নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, দায়িত্ব গ্রহণের পর গত দুই মাসে রাজধানীতে অপরাধের প্রবণতা আগের তুলনায় কমেছে। বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার বলেন, টিআইবির প্রতিবেদনে রাজধানীতে অপরাধ বৃদ্ধির যে চিত্র তুলে ধরা হয়েছে, তা পুলিশের নিয়মিত তথ্য-উপাত্ত ও মাঠপর্যায়ের পর্যবেক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। তিনি জানান, রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। এর ফলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনা কমেছে বলে দাবি করেন তিনি।
ডিএমপি কমিশনার আরও বলেন, অপরাধ দমনের পাশাপাশি পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও মানসিক সুস্থতার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। দায়িত্ব পালনের চাপ কমাতে এবং মানসিক স্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ব্যক্তিগত বা পারিবারিক কারণে কেউ মানসিক চাপে থাকলে তা গোপন না রেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহায়তা নেওয়া উচিত।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন