জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মুগ্ধসহ ১১ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হবে। মামলায় আসামিদের অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২১ জুলাই প্রসিকিউশনের শুনানি শেষ হয়। ওইদিন প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ তুলে ধরে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করা হয়। শুনানিতে ঘটনার বিস্তারিত বিবরণ এবং প্রত্যেক আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতের সামনে উপস্থাপন করা হয়। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য শুরু করেন। স্টেট ডিফেন্সের আইনজীবীরা দাবি করেন, তাদের কয়েকজন মক্কেলকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ মামলায় আসামি করা হয়েছে। তারা আদালতের কাছে তাদের অব্যাহতির আবেদন জানান।
তবে সব আইনজীবীর বক্তব্য শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল শুনানির পরবর্তী তারিখ হিসেবে আজকের দিন নির্ধারণ করেন। শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর বিষয়ে সিদ্ধান্ত দিতে পরবর্তী তারিখ নির্ধারণ করতে পারেন। মামলায় মোট ২৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে আটজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন, আর বাকি ১৮ জন পলাতক।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় নির্বিচারে গুলি চালিয়ে মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ সাতজনকে হত্যা করা হয় এবং আরও পাঁচজন গুরুতর আহত হন। পরদিন একই এলাকায় আরও চারজন নিহত হন। প্রসিকিউশনের দাবি, দুটি ঘটনাই ছিল পরিকল্পিত, ব্যাপক ও পদ্ধতিগত হামলা, যা মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন