কানাডার মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের উপস্থিতি আরও শক্তিশালী হচ্ছে। এবার টরন্টোর বিচেস–ইস্ট ইয়র্ক আসনের আসন্ন ফেডারেল উপনির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তানভীর শাহনেওয়াজ। শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত দলীয় মনোনয়ন নির্বাচনে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে জয় তুলে নেন। স্থানীয় গ্লেডহিল জুনিয়র পাবলিক স্কুলে আয়োজিত ভোটে তিনি সাবেক প্রাদেশিক আইনপ্রণেতা আর্থার পটস, ক্লেয়ার সিবর্ন এবং সামার নুডেলকে পরাজিত করে দলের মনোনয়ন নিশ্চিত করেন।
মনোনয়ন অনুষ্ঠানে কানাডার লিবারেল পার্টির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন স্কারবোরো–গিল্ডউড–রুজ পার্কের সংসদ সদস্য গ্যারি আনন্দসাঙ্গারি এবং লিবারেল দলের আরেক সংসদ সদস্য ডলি বেগম। এর আগে ৭ জুলাই এই আসনের নির্বাচিত সংসদ সদস্য ন্যাথানিয়েল আর্সকিন-স্মিথ পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। তবে এখনো উপনির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়নি।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে স্থানীয় রাজনীতি ও কমিউনিটি কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তানভীর শাহনেওয়াজ। পাশাপাশি আবাসনবিষয়ক দায়িত্ব পালনের সময় সাবেক সংসদ সদস্য ন্যাথানিয়েল আর্সকিন-স্মিথের বিশেষ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ফলে স্থানীয় রাজনীতি ও নীতিনির্ধারণী পর্যায়ে তার অভিজ্ঞতা ইতোমধ্যেই সুপরিচিত।
কানাডার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণ সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে বেড়েছে। এরই মধ্যে টরন্টোর স্কারবোরো নর্থ–সাউথ আসনের প্রাদেশিক উপনির্বাচনে লিবারেল পার্টির মনোনয়ন পেয়েছেন আহসানুল হাফিজ। একই আসনে কনজারভেটিভ পার্টির প্রার্থী হয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ডা. তারুণ উল্লাহ। সর্বশেষ তানভীর শাহনেওয়াজের মনোনয়নকে কানাডার ফেডারেল রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের প্রতিনিধিত্ব আরও বিস্তৃত হওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন উপনির্বাচনের তফসিল ঘোষণার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন