ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করছিলের ছাত্রদলেন নেতাকর্মীরা। এসময় পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় দুজনকে আটক করেছে পুলিশ। পালানোর সময় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে গৌরীপুর পৌর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও ধাওয়ার ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রুবেল মিয়া ও সদস্য তানভীর আহম্মেদ। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে গৌরীপুর উত্তর বাজারে বিক্ষোভ-মিছিল করার সময় ছাত্রদল নেতারা একটি প্রাইভেটকার ও অটোরিকশা ভাঙচুর করেন। এ ঘটনায় গৌরীপুর থানার উপ-পরিদর্শক মো. শাহজালাল বাদী হয়ে থানায় ১০ জনের নামে ও অজ্ঞাতনামা ১০ জনকে আসামী করে মামলা করেন।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে গৌরীপুর পৌর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন আসামীসহ ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় পুলিশ আসামীদের গ্রেপ্তার করতে গেলে বিক্ষোভকারীরা পালিয়ে যান। এসময় পুলিশ দৌড়ে ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করে।
শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান শরীফ। তিনি বলেন, অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা করেছে। এতে পাঁচজন আহত হয়েছেন।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন