দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় অবৈধ অনুপ্রবেশের আটটি পৃথক প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক নিয়মনীতি ও দুই দেশের বিদ্যমান সমঝোতার বাইরে কোনো ধরনের পুশইন গ্রহণ করা হবে না এবং এ বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শনিবার বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়, বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে কয়েক দফায় ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হলেও তা সফল হয়নি।
বিজিবির তথ্য অনুযায়ী, ঝিনাইদহের যাদবপুর সীমান্তে তিনজন ব্যক্তি বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে টহলরত সদস্যরা শূন্যরেখায় অবস্থান নিয়ে তাদের বাধা দেয়। পরে তারা ভারতীয় অংশে ফিরে যায়। নওগাঁর করমুডাঙ্গা সীমান্তে ১৭ জন এবং তিস্তা অঞ্চলের বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ী সীমান্ত দিয়ে আরও ২১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি তা প্রতিরোধ করে। অন্যদিকে লালমনিরহাটের দিঘলটারী সীমান্তে সাতজন এবং দুর্গাপুর সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। বর্তমানে তারা সীমান্তসংলগ্ন ভারতীয় চরাঞ্চলে অবস্থান করছে বলে জানা গেছে।
পঞ্চগড়ের বড়বাড়ী প্রধানপাড়া সীমান্তেও ১০ জনকে কাঁটাতারের বাইরে এনে রাখা হয়েছিল। এ ঘটনায় উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতীয় পক্ষ তাদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করলেও প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি। এদিকে নেত্রকোনা সীমান্তের বিপরীতে ভারতীয় এলাকায় জড়ো করে রাখা কয়েকজন ব্যক্তিকে বিজিবির কড়া অবস্থানের কারণে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
বিজিবি বলেছে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। অবৈধভাবে কাউকে সীমান্ত অতিক্রম করতে দেওয়া হবে না এবং যেকোনো ধরনের পুশইন প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন