ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে। আজকের ফলাফলই নির্ধারণ করবে আগামী পাঁচ বছরের জন্য রাজ্যের ক্ষমতা কার হাতে যাচ্ছে, যেখানে সবচেয়ে বেশি নজর রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারী–এর রাজনৈতিক লড়াইয়ের দিকে। সোমবার (৪ মে) সকাল ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) ভোট গণনা শুরু হয়। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনে ভোটগ্রহণ শেষে আজ কলকাতাসহ ২৩ জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে গণনা চলছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগের তুলনায় এবার গণনা কেন্দ্রের সংখ্যা কমানো হয়েছে।
কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সবচেয়ে বড় গণনাকেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে মহানগরের ১১টি আসনের মধ্যে ৭টির ফল গণনা হচ্ছে। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএমের ভোট গণনা করা হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পুরো গণনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। গণনাকারী প্রতিনিধিদের কিউআর কোডযুক্ত পরিচয়পত্র দেওয়া হয়েছে এবং ভেতরে মোবাইল ফোন বহনের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।
রাজনৈতিকভাবে সবচেয়ে আলোচিত লড়াই হিসেবে দেখা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর প্রতিদ্বন্দ্বিতা। ফলাফলের ওপরই নির্ভর করছে রাজ্যের পরবর্তী রাজনৈতিক দিকনির্দেশনা। এছাড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মধ্যে ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ এবং শশী পাঁজা–এর ফল নিয়েও আগ্রহ রয়েছে। বিজেপির প্রার্থীদের মধ্যে অগ্নিমিত্রা পাল এবং রুদ্রনীল ঘোষ–এর দিকেও নজর রয়েছে।
অন্যদিকে বাম, কংগ্রেস ও অন্যান্য দলের প্রার্থীদের মধ্যে অধীর চৌধুরী এবং নওশাদ সিদ্দিকী–সহ আরও কয়েকজন প্রার্থী আলোচনায় রয়েছেন। দুপুরের মধ্যেই ফলাফলের প্রাথমিক প্রবণতা স্পষ্ট হতে পারে, তবে কিছু আসনের চূড়ান্ত ফল আসতে রাত পর্যন্ত সময় লাগতে পারে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন