প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার যশোর সফরে যাচ্ছেন। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর, যা ঘিরে জেলায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) সকালে তিনি ঢাকা থেকে আকাশপথে যশোর পৌঁছাবেন। সফরের শুরুতেই শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেখানে এক সুধী সমাবেশে অংশ নেবেন।
এরপর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল-এর ৫০০ শয্যার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। উল্লেখ্য, উলশী খালটি স্থানীয় কৃষি ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্তরের দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর উদ্যোগে খালটি খনন করা হয়েছিল, যা অঞ্চলের কৃষি ও অর্থনীতিতে বড় পরিবর্তন এনেছিল। দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া মেডিকেল কলেজ হাসপাতালের সম্প্রসারণ এবং অন্যান্য উন্নয়নমূলক কর্মসূচি যশোর অঞ্চলের স্বাস্থ্য ও শিক্ষা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন