ইরানের কৌশলগত বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকলে তেহরান ‘প্রতিশোধমূলক’ ব্যবস্থা নেবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার ইঙ্গিতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর কঠোর অবস্থানের কারণে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, ইরানের বন্দরগুলো ঘিরে আরোপিত মার্কিন অবরোধ প্রত্যাহার করা হবে না। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ বজায় রাখলে ইরানও পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-এর বক্তব্যের প্রসঙ্গ টেনে মুখপাত্র বাঘাই কয়েকটি শর্ত তুলে ধরেন।
তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজকে অবশ্যই ইরানের নির্ধারিত রুট অনুসরণ করতে হবে। পাশাপাশি বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত থাকলে ইরান জাতীয় স্বার্থ রক্ষায় কঠোর ব্যবস্থা নেবে। ইরান নিজেকে হরমুজ প্রণালি-এর ‘অভিভাবক’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, তারা আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে নমনীয়তা দেখাতে প্রস্তুত, তবে তা একতরফা হবে না।
এই অবস্থায় পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সূত্র: আল জাজিরা
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন