হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার পথে আবারও বাধার মুখে পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন-এর জাহাজ বাংলার জয়যাত্রা। ইরানি বাহিনীর নির্দেশে প্রণালিতে প্রবেশের পর জাহাজটির অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে ইরান হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা দিলে রাত ৯টার দিকে শারজাহ বন্দর-এর কাছ থেকে নোঙর তুলে ফুজাইরা-র উদ্দেশে রওনা দেয় জাহাজটি। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তা থামিয়ে দেওয়া হয়।
জানা গেছে, অন্যান্য জাহাজের মতোই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অনুমতি ছাড়াই প্রণালি অতিক্রমের চেষ্টা করে জয়যাত্রা। রাত ১১টা ৫০ মিনিটে হরমুজ প্রণালি-তে প্রবেশ করার পরপরই পরিস্থিতি পাল্টে যায়। রাত সাড়ে ১২টার দিকে ইরানি নৌবাহিনী রেডিও বার্তার মাধ্যমে সব জাহাজকে ইঞ্জিন বন্ধের নির্দেশ দেয় এবং জানায়, বিপ্লবী গার্ড বাহিনীর অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালি অতিক্রম করতে পারবে না।
এ বিষয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালেক বলেন, অনুমতি চাওয়ার পর কোনো প্রত্যুত্তর না পাওয়ায় তারা ধারণা করেছিলেন প্রণালি স্বাভাবিকভাবে চালু হয়েছে। তার মতে, প্রায় ৪০টির মতো জাহাজ একই সময়ে যাত্রা শুরু করেছিল এবং জয়যাত্রাও তাদের অনুসরণ করছিল। তিনি আরও জানান, নির্ধারিত গতিতে চললে ভোরের মধ্যে জাহাজটি প্রণালি অতিক্রম করতে পারত। কিন্তু হঠাৎ নির্দেশে সব জাহাজের গতি থামিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ইরান-সংক্রান্ত উত্তেজনার কারণে ৩১ জন নাবিকসহ প্রায় ৪০ দিন ধরে আটকে ছিল বাংলার জয়যাত্রা। ৮ এপ্রিল যুদ্ধবিরতির পর সৌদি আরবের বন্দর থেকে যাত্রা শুরু করলেও ১০ এপ্রিল প্রথমবার প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি। পরে আবার শারজাহ বন্দরে ফিরে অপেক্ষা করছিল জাহাজটি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন