ভারতের ঘরোয়া ক্রিকেট আসরে রাজস্থান দলের টিম ম্যানেজার রমি ভিন্দরের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী প্রটোকল লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তে প্রথম পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। গত শুক্রবার বেঙ্গালুরু দলের বিপক্ষে ম্যাচ চলাকালে রাজস্থানের ডাগআউটে এক খেলোয়াড়ের পাশে বসে ভিন্দরের মোবাইল ফোন ব্যবহারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক আইপিএল চেয়ারম্যান ললিত মোদি।
এক প্রতিবেদনে জানা গেছে, বোর্ডের দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট ভিন্দরকে একটি নোটিশ পাঠিয়েছে। তদন্তের অংশ হিসেবে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে এবং কেন তিনি ফোন ব্যবহার করছিলেন তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আইপিএল পরিচালনা পরিষদের চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।
প্রাথমিকভাবে জানা গেছে, স্বাস্থ্যগত সমস্যার কারণে ভিন্দর ফোন ব্যবহার করছিলেন। অতীতে গুরুতর অসুস্থতায় ভুগেছেন তিনি এবং চিকিৎসাজনিত কারণে তাকে ডাগআউটে ফোন রাখার অনুমতিও দেওয়া হয়েছিল। তবে নিয়ম অনুযায়ী ডাগআউটে ফোন রাখা গেলেও ব্যবহার করা সীমিত। সূত্র জানায়, ভিন্দর কোনো কল করা বা গ্রহণ করেননি, শুধু ফোন স্ক্রল করছিলেন।
এ ঘটনায় এখন তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।
সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন