মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত কিছুটা প্রশমিত হলেও বৈশ্বিক জ্বালানি সংকট পুরোপুরি কাটবে না বলে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে এ সংকট মোকাবিলায় একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) নবম ভারত মহাসাগরীয় কনফারেন্সে (আইওসি) বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ভারত মহাসাগরীয় অঞ্চল বর্তমানে এক অস্থির সময় অতিক্রম করছে। জ্বালানি সংকট অর্থনীতি ও সমাজের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। এ অবস্থায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
তিনি আরও বলেন, পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনৈতিক নিরাপত্তা কাঠামো নতুনভাবে মূল্যায়ন করা জরুরি। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠী ও পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। সম্মেলনে তিনি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) সম্প্রসারণ এবং বাংলাদেশকে একটি ‘সুপার সোর্সিং হাব’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এর মাধ্যমে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ও ডিজিটাল বাণিজ্যের সঙ্গে দেশের সংযোগ আরও শক্তিশালী হবে বলে তিনি উল্লেখ করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তি—বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা—বর্তমানে উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই তরুণ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং এসএমই খাতে উদ্ভাবন জোরদার করা প্রয়োজন।
তিনি আরও আন্তঃসীমান্ত সহযোগিতা বাড়ানো এবং বিদ্যমান সমন্বয় কাঠামো পুনর্বিবেচনার ওপর গুরুত্ব দেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন