ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে শান্তি আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। আসন্ন এই আলোচনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক নজর তৈরি হয়েছে এবং বৈশ্বিক কূটনৈতিক মহল এখন পাকিস্তানের দিকেই তাকিয়ে রয়েছে। ইসলামাবাদে পৌঁছে ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর অবস্থান প্রকাশ করেন। তিনি জানান, ইরান আলোচনায় সদিচ্ছা দেখালেও মার্কিন পক্ষের ওপর তাদের কোনো আস্থা নেই।
পাকিস্তানের স্থানীয় সময় শুক্রবার (১০ এপ্রিল) রাতে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়। প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন স্পিকার গালিবাফ। দলে আরও আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইনপ্রণেতা।
গালিবাফ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে বলেন, “আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই।” তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিকারের ও বাস্তবসম্মত চুক্তির জন্য প্রস্তুত থাকে, তাহলে ইরানও আলোচনায় অগ্রসর হতে প্রস্তুত। তবে অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি হতাশা প্রকাশ করেন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ববর্তী আলোচনা সবসময় ব্যর্থতা এবং প্রতিশ্রুতি ভঙ্গের মধ্যেই শেষ হয়েছে।
এদিকে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই আলোচনা সফল না হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে এবং নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন