মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (৮ এপ্রিল) ঘোষণা করেছেন যে ইরানের ওপর পরিকল্পিত ভয়াবহ হামলা ও বোমা বর্ষণ দুই সপ্তাহের জন্য স্থগিত রাখা হচ্ছে। এই ঘোষণা তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করেছেন। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধ এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই নমনীয়তা প্রদর্শন করা হয়েছে। পরবর্তী ১৪ দিন উভয় পক্ষ একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি পালন করবে। তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হলো—ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত করে দিতে হবে।
ট্রাম্প বলেন, “আজ রাতে ইরানের ওপর যে বিধ্বংসী শক্তি প্রয়োগ করার কথা ছিল, পাকিস্তান সরকারের অনুরোধে তা আপাতত স্থগিত রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের অধিকাংশ সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথে অনেক দূর এগিয়েছে। ইরানের পক্ষ থেকে প্রাপ্ত ১০ দফার প্রস্তাব আলোচনার জন্য কার্যকর ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন, “পরবর্তী দুই সপ্তাহ এই চুক্তি চূড়ান্ত ও কার্যকর করার জন্য সময় দেবে।” ট্রাম্প এই অর্জনকে শুধু মার্কিনির জন্য নয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্যও একটি বড় সাফল্য হিসেবে অভিহিত করেছেন। তিনি মনে করেন, এই পদক্ষেপের ফলে কয়েক দশকের পুরনো সমস্যা সমাধানের দ্বারপ্রান্তে পৌঁছেছে বিশ্ব।
এদিকে, ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে ট্রাম্পের ঘোষণার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই প্রক্রিয়া সফল হলে মধ্যপ্রাচ্যে গত ৩৮ দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটতে পারে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন