যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বকালীন পরিস্থিতি এবং ক্ষমতা হস্তান্তর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী জুনে তার বয়স ৮০ বছরে পৌঁছাবে বলে উল্লেখ করা হয়েছে। বয়সজনিত বিষয় ও রাজনৈতিক পরিস্থিতি ঘিরে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এমন পরিস্থিতিতে দায়িত্বে থাকা অবস্থায় প্রেসিডেন্টের মৃত্যু বা অক্ষমতা দেখা দিলে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে ভাইস প্রেসিডেন্টের হাতে চলে যায়।
এ বিষয়ে মিরর-এর প্রতিবেদনে বলা হয়, কোনো নির্বাচন বা বিলম্ব ছাড়াই ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করেন। সেই অনুযায়ী বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং বাকি মেয়াদ পূরণ করবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরনের ক্ষমতা হস্তান্তরের ঘটনা একাধিকবার ঘটেছে। এর মধ্যে চারজন প্রেসিডেন্ট হত্যাকাণ্ডে নিহত হন এবং চারজন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। সর্বশেষ ১৯৬৩ সালে জন এফ কেনেডি হত্যার পর লিন্ডন বি জনসন দায়িত্ব নেন।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতিও যুক্তরাষ্ট্রের নেতৃত্বের ওপর চাপ তৈরি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন