বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি-এর বাসভবনের সামনে সম্প্রতি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া-এর প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ‘গোলমাল ফাইভ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই পরিচালক ব্যক্তিগত জীবনের পরিস্থিতি নিয়ে রসিকতা করে একটি পোস্ট শেয়ার করেন।
রোববার (৫ এপ্রিল) ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, বহু বছর ধরে অ্যাকশন ও কমেডি সিনেমা বানানোর পর এখন যেন নিজের জীবনেই সেই গল্পগুলো বাস্তব হয়ে উঠছে। তার এই মন্তব্য ঘিরে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এর আগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তার বাড়ির সামনে গুলি চালায় বলে জানা যায়। সেই ঘটনার পর এই প্রথম তিনি সরাসরি কোনো প্রতিক্রিয়া দেন।
ভক্তরা একদিকে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, অন্যদিকে ‘খতরোঁ কে খিলাড়ি’ এবং ‘গোলমাল ফাইভ’ নিয়ে আগ্রহও বাড়ছে। উল্লেখ্য, ‘সিংহাম’, ‘সিম্বা’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো জনপ্রিয় সিনেমার নির্মাতা বর্তমানে নিরাপত্তার মধ্যে থেকেই নতুন প্রজেক্টের কাজ চালিয়ে যাচ্ছেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন