প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর রমনা থানায় করা মামলায় কারাগারে আটক রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বৃহস্পতিবার (২ নভেম্বর) তার আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেছেন।
ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে তার পক্ষে জামিন আবেদন দাখিল করেন অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
গত ২৮ অক্টোবর (শনিবার) বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে পুলিশ বাদী হয়ে রমনা থানায় মামলা করে। এ মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
পরদিন রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।
তখন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, সকাল ৯টার আগে থেকে মহাসচিবের গুলশানের বাসার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন