নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান। আজ বুধবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও **বাংলাদেশ বেতার**সহ সব বেসরকারি টিভি চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে। দিনের কর্মসূচির শুরুতে সকাল ১১টায় জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা মোনাজাতে অংশ নেন।
দুপুর সাড়ে ১২টা থেকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে প্রথম দাফতরিক কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। এদিন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা, বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম নীতিনির্ধারণী বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।
এদিকে প্রধানমন্ত্রীর কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে।
উল্লেখ্য, মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর কাছে শপথ গ্রহণ করেন তারেক রহমানসহ ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন