বঙ্গভবনের দরবার হলের দীর্ঘদিনের রীতি ভেঙে এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ অনুষ্ঠান। মঙ্গলবার বিকাল ৪টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। একই অনুষ্ঠানে শপথ নেবেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করাবেন। সংসদ সচিবালয় সূত্র জানায়, দিনের শুরুতে সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
পুরো আয়োজন পরিচালনা করবেন নতুন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রায় ১২০০ দেশি-বিদেশি অতিথি আমন্ত্রিত। আন্তর্জাতিক অতিথিদের মধ্যে উপস্থিত থাকছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট **মোহাম্মদ মুইজ্জু**সহ সার্কভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
এবারের শপথ অনুষ্ঠানের বিশেষ দিক হলো—নবনির্বাচিত সংসদ সদস্যরা সাধারণ শপথের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবেও পৃথক শপথ গ্রহণ করবেন।
এদিকে নতুন সরকার গঠনের মধ্য দিয়ে আজই শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। দায়িত্ব শেষ হওয়ায় উপদেষ্টারা কূটনৈতিক পাসপোর্ট ও সম্পদের হিসাব জমা দিচ্ছেন এবং সরকারি বাসা ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন করছেন। দীর্ঘ দেড় বছরের অন্তর্বর্তী শাসনকাল শেষে নতুন নির্বাচিত সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন