ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সাফল্যের পর সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক রাজনীতির ধারা জোরদার করতে আজ রোববার সন্ধ্যায় রাজনৈতিক শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান–এর বাসায় যাবেন তারেক রহমান। পরে রাত ৮টার দিকে তিনি বাড্ডায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বাসায় উপস্থিত হবেন।
উল্লেখ্য, দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় দুই দশক পর সরকার গঠনের দ্বারপ্রান্তে বিএনপি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফল প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফল অনুযায়ী, বিএনপি ২০৯টি আসনে জয় পেয়েছে। ফল স্থগিত থাকা দুই আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির শরিক দলগুলো পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের অন্যান্য শরিক দলগুলো অর্জন করেছে ৯টি আসন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক বৈঠকগুলো ভবিষ্যৎ জাতীয় ঐক্য ও সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন