জাতীয় বেতন কমিশনের খণ্ডকালীন সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। মাকছুদুর রহমান বলেন, বেতন কমিশনের চেয়ারম্যানের লিখিত নির্দেশনায় ৩টি কমিটি গঠন করে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বাস্তবায়নযোগ্য ও ন্যায়সংগত মোট ৩৩টি প্রস্তাবনা উপস্থাপন এবং ধাপে ধাপে এগুলো বাস্তবায়নের জন্য সুপারিশ করে। তিনি অভিযোগ করেন, সাব-কমিটির দেয়া রিপোর্ট পৃথকভাবে এজেন্ডাভুক্ত করে কমিশনের পূর্ণাঙ্গ সভাতে আলোচনার জন্য করা অনুরোধ আমলে নেয়া হয়নি। ঢাবি অধ্যাপক আরও বলেন, চূড়ান্ত রিপোর্টে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত বিষয়গুলো সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে। এর প্রেক্ষিতেই পদত্যাগপত্র প্রদানের ঘোষণা দেন মাকছুদুর রহমান।
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে ২২ সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন করে গত ২৭ জুলাই প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে ঢাবির অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকারকে কমিশনের খণ্ডকালীন সদস্য করা হয়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন