জামালপুরের ইসলামপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নারীরা।
রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার আমতলী বাজার এলাকায় কয়েক হাজার নারী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সদস্য কামরুল হোদা পালওয়ান স্টেলিং, মহিলা দলের নেত্রী মারুফা আক্তার হ্যাপী, শোভা আক্তারসহ অনেকেই বক্তব্য দেন।
বক্তারা বলেন, জামালপুর-২ আসনে উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুকে এমপি পদে মনোনয়ন দেয়া হয়েছে। তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ। ২০০৯ থেকে ২০১৮ সালের নির্বাচন ছাড়া ইসলামপুরে তেমন একটা যাননি। উপজেলা বিএনপির পক্ষ থেকে কোনো আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেননি।
তারা আরও বলেন, সাবেক মন্ত্রী ফরিদুল হক খান দুলালের সাথে আঁতাত করে চলার কারণে ফলে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তাই সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন বাতিল করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিমকে মনোনয়ন প্রদানের দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে ইসলামপুর-উলিয়া সড়কের আমতলী বাজারে অবস্থান নেন তারা। এতে আধাঘণ্টার মতো বন্ধ থাকে যান চলাচল।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন