নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নুর নিহানের বাবা- সাবেক যুবদল নেতা শাহিনুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে আদালতে সোপর্দ করলে বিচারক শাহিনুরকে জেলহাজতে পাঠান। এর আগে, শুক্রবার (১৪ নভেম্বর) রাতে শহরের আরপিন নগরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ছেলে ও তার দলকে ধ্বংসাত্মক কাজে উসকে দেয়ার অভিযোগ আছে বাবার বিরুদ্ধে। অপরদিকে, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নুর নিহান গত ১৪ নভেম্বর সুনামগঞ্জ সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার সাত নম্বর আসামি। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। এছাড়াও নিহান ৫ আগস্ট পরবর্তী একাধিক মামলার আসামি।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদির আহমেদ বলেন, শাহিনুর আমাদের পুরাতন বিএনপি কর্মী। জেলা যুবদলের সহ সভাপতি ছিল। দীর্ঘদিনের মিছিল মিটিংয়ের সঙ্গী। একসাথে রাজনীতি করেছি। পুরোটাই বিএনপির মানুষ। তাকে শত্রুতা করে হয়তো কেউ ফাঁসাচ্ছে।
এদিকে শাহিনুরকে গ্রেফতারের পর আদালতে তোলা হলে বিষয়টি জানাজানি হবার পর সমালোচনা শুরু হয় জেলা জুড়ে। ছেলের পরিবর্তে বাবাকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী নেতা, জুলাই যোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন সচেতন মহল।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হওয়া এক আসামিকে গ্রেফতার করেছি। সে তার ছেলে ও তার দলের মানুষকে নাশকতার কাজে উসকানিসহ বিভিন্নভাবে সহায়তা ও পেট্টোনাইজ করে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন