রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক রওনক সরকার। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রিয়াদ আলী শেখ (১৫)। তিনি পেশায় বেকারি শ্রমিক ছিলেন।
নিহত রিয়াদ আলী শেখ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বড়দোয়াল এলাকার রহত আলি শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রিয়াদ আলী ও আহত রওনক শ্রীপুর বাজারে একটি বেকারি কারখানায় শ্রমিক ছিল।
সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে তারা রাজবাড়ী বাজারে যাচ্ছিল। পথে ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হন। এ সময় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন