উন্নত জীবনের প্রলোভনে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচারকালে টেকনাফের রাজারছড়া গহীন পাহাড়ে একটি চক্রের আস্তানায় অভিযান চালিয়ে ৬ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ৬ জনের মধ্যে ৪ জন বাংলাদেশি ও দুজন রোহিঙ্গা।
গতকাল গভীর রাত থেকে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পর্যন্ত গহীন পাহাড়ে টানা ৬ ঘণ্টার শ্বাসরুদ্ধকর এই অভিযান চলে। এ সময় গোলাবারুদসহ একজনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যটালিয়ন (বিজিবি-২) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, একটি মানব পাচারকারী চক্র মালয়েশিয়া ও থাইল্যান্ডে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকজন ভুক্তভোগীকে জিম্মি করে রেখেছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে রাজারছড়া করাচিপাড়া এলাকার দুস্তর গিরিপথে শুরু হয় এই অভিযান। বিজিবি সদস্যদের আকস্মিক উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাহাড়ে গা ঢাকা দেয়ার চেষ্টা করে। পরে টানা ৬ ঘণ্টাব্যাপী চলা অভিযানে ১ জন পাচারকারীকে আটক করা হয়। সেইসাথে, উদ্ধার করা হয় ৬ জন ভুক্তভোগীকে।
এ সময়, তল্লাশি চালিয়ে ৩টি ওয়ান শুটার গান, ১টি একনলা বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি (ওয়ান শুটার গানের) ও ১ রাউন্ড তাজা গুলি (একনলা বন্দুকের) এবং ২টি দেশীয় চাকু উদ্ধার করা হয়।
বিজিবির এই অধিনায়ক আরও জানান, ভুক্তভোগীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত করেছে যে, তাদেরকে পাচারকারী আরেকটি চক্র লোভনীয় পারিশ্রমিকে কাজ দেয়া বা বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে নিয়ে এসে, মাথাপিছু ৪০ হাজার টাকার বিনিময়ে এই সশস্ত্র পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেয়। অপরাধীরা তাদেরকে পাহাড়ে আটকে রেখে গত এক সপ্তাহ ধরে মুক্তিপণ দাবি ও ভয়ংকর নির্যাতন চালিয়ে আসছিল। এ সময়, পাচারকারী চক্রের পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন